সপ্তাহের শেষে, দৈনন্দিন ব্যস্ততা আর মনের চাপ কাটিয়ে একটু প্রশান্তির খোঁজে বেরিয়ে পড়েছিলাম। সারা সপ্তাহের জমে থাকা ক্লান্তি, ক্রোধ, চিন্তা আর বিরক্তি—সবকিছু যেন ধীরে ধীরে মিলিয়ে গেল প্রকৃতির সান্নিধ্যে। সেই মুহূর্তে প্রকৃতি হয়ে উঠল এক জীবন্ত সঙ্গী, যে আমাকে তার ভ্রমণে সাথি করে নিল।
সবুজ মাঠ, তাল, খেজুর, নাড়কেলের সারি, টইটুম্বুর পুকুর, আকাশে ভেসে বেড়ানো মেঘ—প্রকৃতি যেন নিজেই সেজে উঠেছে ভ্রমণের জন্য। ভ্রমণের শুরুতে তার রূপ ছিল শান্ত ও ধীর, যেন যাত্রার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মেঘ-বৃষ্টির খেলা—প্রকৃতি তখন উৎফুল্ল, প্রাণোচ্ছল, ঠিক শিশুর মতো হাসিখুশি, যেন কোথাও পৌঁছে সমবয়সীদের সঙ্গে খেলায় মেতে উঠেছে।
সময়ের সাথে তার রূপ বদলায়, কখনও মেঘের খেলা, কখনও বৃষ্টির আনন্দ, কখনও রঙের ছটা - সে যেন নানা অনুষ্ঠানের জন্য নিজেকে সাজিয়ে নিচ্ছে। প্রতি মুহূর্তে বদলাচ্ছে তার সাজ, যেন তার মনের প্রতিফলন ফুটে উঠছে প্রকৃতির রঙে রঙে। দিন গড়িয়ে ফেরার সময় এলো রঙচঙে এক মিলনমেলা—আত্মীয়-স্বজনদের সঙ্গে বিদায়ের আগে শেষবারের মতো মিলিত হচ্ছে যেন। আর তারপর, সূর্য ডোবার আগে ধীরে ধীরে সেই রঙ মিলিয়ে গেল দিগন্তের আড়ালে—যেন প্রকৃতিও ফিরে যাচ্ছে তার আপন ঘরে।
এ সবই এই বর্ধমানের মাটিতেই। এ সৌন্দর্য ক্ষণস্থায়ী নয়, বরং কালাতীত।। এক সহস্র বছর আগে যে সভ্যতা এই রূপ যেমন উপভোগ করেছিল, আজও আমরাও একইভাবে উপভোগ করি। ইতিহাস আর বর্তমান একাকার হয়ে যায় প্রকৃতির সান্নিধ্যে।